সুমাইয়া বিনতে খাব্বাত (রা.) : ইসলামের প্রথম নারী শহিদ!

সুমাইয়া বিনতে খাব্বাত (রা.) : ইসলামের প্রথম নারী শহিদ!

ইসলামের ইতিহাসে যাঁরা নিজেদের রক্ত দিয়ে দ্বীনের পথকে সঞ্জীবিত করেছেন, তাঁদের মধ্যে অন্যতম হচ্ছেন সুমাইয়া বিনতে খাব্বাত (রা.)। সাহস, আত্মত্যাগ ও ঈমানের দৃঢ়তায় তিনি হয়ে আছেন চির অমর। উম্মে আম্মার নামেই তিনি অধিক পরিচিত। নবুওতের ষষ্ঠ বছরে তিনি শাহাদাত বরণ করে জান্নাতের চিরস্থায়ী ঠিকানায় চলে যান। আজকের আর্টিকেলে আমরা— সুমাইয়া বিনতে খাব্বাত (রা.) সম্পর্কে বিস্তারিত জানবো। চলুন শুরু করা যাক।

সুমাইয়া বিনতে খাব্বাত (রা.) : ইসলামের প্রথম নারী শহিদ

বংশ পরিচয় ও পরিবার

সুমাইয়া (রা.) এর বংশ পরিচয় নিয়ে মতপার্থক্য রয়েছে। ইবনে সাদ তাঁর পিতার নাম বলেন ‘খাব্বাত’, অন্যদিকে বালাজুরি বলেন ‘খাইয়াত’। তিনি ছিলেন মক্কার প্রভাবশালী পরিবার মাখযূম গোত্রের একজন দাসী। তার স্বামী ইয়াসির ইবনে আমির (রা.) ইয়ামেন থেকে মক্কায় এসে স্থায়ী হন। আবু হুজাইফা ইবনে মুগীরা তাঁদের মধ্যে বিবাহ দেন এবং তাঁদের ঘরেই জন্ম হয় আম্মার ইবনে ইয়াসিরের (রা.)।

ইসলাম গ্রহণের পূর্বে জীবন

সুমাইয়া (রা.) ছিলেন একজন আফ্রিকান বংশোদ্ভূত কৃষ্ণাঙ্গ দাসী। সমাজে তারা নিম্নবর্গের মানুষ হিসেবে বিবেচিত হতেন। কিন্তু হৃদয়ের বিশুদ্ধতা ও সত্যের অনুসন্ধান তাঁদের ঈমানদার বানিয়ে তোলে। ইসলাম গ্রহণের আগেই তারা নিঃস্ব, নিপীড়িত এবং দাসত্বের শিকার ছিলেন।

#আরও পড়ুন: ফিলিস্তিনের ভৌগোলিক রহস্য: কেন এই ছোট্ট ভূমি বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু?

ইসলাম গ্রহণ ও কুরাইশদের নির্যাতন

নবী করিম (সা.)-এর নবুওয়াত প্রকাশের পর সুমাইয়া (রা.), তার স্বামী ইয়াসির (রা.) ও ছেলে আম্মার (রা.) প্রথমদিকেই ইসলাম গ্রহণ করেন। এতে করে তাঁরা কুরাইশদের নির্মম নির্যাতনের শিকার হন। কুরাইশরা বিশেষ করে দাস ও গরিব মুসলিমদের ওপর চরম শারীরিক ও মানসিক নির্যাতন চালাত।

আবু জাহেল নিজ হাতে সুমাইয়া (রা.)-কে দিনের পর দিন নির্যাতন করত। তাঁকে উত্তপ্ত বালুতে শুইয়ে রাখা হতো, লোহার বর্ম পরিয়ে প্রচণ্ড রোদে দাঁড় করানো হতো, শরীর ঝলসে যেত সূর্যের উত্তাপে। কিন্তু তাওহিদের পথে তাঁর দৃঢ়তা এতটাই অটল ছিল যে, একটিবারও তিনি ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেননি।

শহিদ হওয়ার ঘটনা

একদিন নির্যাতনের চূড়ান্ত মুহূর্তে আবু জাহেল তার কু-ভাষা ও বক্রোক্তির মাধ্যমে সুমাইয়া (রা.)-কে অপমান করে এবং বর্শার আঘাতে তাঁকে হ*ত্যা করে। আবু জাহেল বর্শা দিয়ে সুমাইয়া (রা.)-লজ্জাস্থানের এক প্রান্তে আঘাত করলে, তা অপর প্রান্ত দিয়ে বের হয়। এইভাবে তিনি ইসলামের প্রথম নারী শহিদ হিসেবে ইতিহাসে অমর হয়ে যান।

রাসূল (সা.) অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলেছিলেন:

সবর করো হে ইয়াসির পরিবার, জান্নাতই তোমাদের প্রতিদান।

আল্লাহর পক্ষ থেকে শান্ত্বনা

ইয়াসির (রা.) ও আম্মার (রা.) মুখে কুফরি উচ্চারণ করে, অন্তরে ঈমান ধরে রেখেছিলেন। এজন্য কুরআনে সূরা নাহলের ১০৬ নম্বর আয়াতে তাদের অবস্থাকে বৈধতা দেওয়া হয়।

মহান আল্লাহ আয়াত অবতীর্ণ করেন, ‘আর যারা ঈমান আনার পর আবার আল্লাহকে অস্বীকার করে (তাদের জন্য আছে কঠিন শাস্তি), তবে যারা বাধ্য হয় এবং ঈমানের প্রতি তার অন্তর প্রশান্ত থাকে (তাদের কোনো সমস্যা নেই)।’ (সূরা নাহল, আয়াত : ১০৬)

কিন্তু সুমাইয়া (রা.) ছিলেন ঈমানের এমন এক দৃষ্টান্ত, যিনি মৃত্যুকেও বরণ করেছেন, কিন্তু ঈমান ত্যাগ করেননি।

সুমাইয়া (রা.)-এর ত্যাগের শিক্ষা

তার জীবনের এই আত্মত্যাগ আমাদের শেখায়:

  • ঈমানের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হয়
  • ধৈর্য, সাহস ও সত্যের প্রতি অনড়তা মুসলমানের সবচেয়ে বড়ো গুণ
  • নারীরাও ইসলামের রক্ষায় পিছিয়ে ছিলেন না, বরং অগ্রগামী ছিলেন

ইসলামে সুমাইয়া (রা.)-এর মর্যাদা

রাসূল (সা.) বলেছেন:

তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার কাছে তার পিতামাতা, সন্তানসন্ততি সকল মানুষের চেয়ে অধিক প্রিয় না হই। (বুখারী)

সুমাইয়া (রা.) এই হাদিসের জীবন্ত বাস্তবায়ন ছিলেন। তাঁর হৃদয়ে ছিল আল্লাহ ও রাসুলের জন্য পরিপূর্ণ ভালোবাসা। এই ভালোবাসা ও বিশ্বাসের কারণেই তিনি নারী হয়েও ইসলামের ইতিহাসের প্রথম শহিদের মর্যাদা লাভ করেন।

#আরও পড়ুন: জমির খাঁ জামে মসজিদ : ইবাদত, ইতিহাস ও মানবতার মিলনস্থল

সুমাইয়া বিনতে খাব্বাত (রা.) শুধুমাত্র প্রথম নারী শহিদই নন, বরং মুসলিম নারীত্বের জন্য এক গৌরবময় আদর্শ। তাঁর ত্যাগ, দৃঢ়তা ও ঈমান আমাদের জীবনের প্রতিটি ধাপে পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। ইসলামকে ভালোবাসলে, আল্লাহ ও রাসূলকে ভালোবাসলে, যুগে যুগে এই আত্মত্যাগের গল্প আমাদের জীবনে অনুপ্রেরণা হয়ে থাকবে ইনশাআল্লাহ।

নোট: এই আর্টিকেলটি প্রস্তুত করতে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র: যেমন- গবেষণাপত্র, ঐতিহাসিক দলিল, ইসলামিক পাণ্ডুলিপি, এবং বিভিন্ন তথ্যভিত্তিক ওয়েবসাইটের সহযোগিতা নেওয়া হয়েছে।

ভালো লাগলে শেয়ার করুন:

মন্তব্য করুন:

Scroll to Top